নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) উপজেলার দুপ্তারা, পূর্ব পাড়া, বড় বিনাইরচর ও ফকিরবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়মা রাইয়ানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মোট পাঁচটি স্পট পরিদর্শন করে অবৈধ গ্যাস সংযোগ ও বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ১৫০ ফুট ১ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ, ৩০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ এবং ২০০ ফুট ১ ইঞ্চি ব্যাসের প্লাস্টিক পাইপ অপসারণ করা হয়।
অভিযানের প্রথম স্পটে ছোট বিনাইরচরের একটি মুরগির ফার্মে ৩/৪ ইঞ্চি ব্যাসের অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে ৯টি আবাসিক বার্নার ব্যবহার করা হচ্ছিল। এ সংযোগের আনুমানিক লোড ছিল ১৮৯ ঘনফুট। ফার্মের মালিক জেসমিন বেগমকে ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই স্থানে তিনজন অবৈধ আবাসিক গ্যাস ব্যবহারকারীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় স্পটে ফকিরবাড়ি এলাকায় তিনটি চা-স্টলে ৩/৪ ইঞ্চি ব্যাসের অবৈধ পাইপলাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার করতে দেখা যায়। সেখানে তিনটি আবাসিক বার্নারের আনুমানিক লোড ছিল ৬৩ ঘনফুট।
এ ছাড়া দুপ্তারা পূর্ব পাড়ায় ১ ইঞ্চি ব্যাসের অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে প্রায় ১০০টি বাড়িতে ১২০টি চুলায় গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এসব সংযোগের আনুমানিক লোড ২ হাজার ৫২০ ঘনফুট।
বড় বিনাইরচরে মসজিদ সংলগ্ন এলাকায় আরও একটি ১ ইঞ্চি ব্যাসের অবৈধ বিতরণ লাইন পাওয়া যায়। ওই লাইনের মাধ্যমে প্রায় ৫০টি বাড়ির ৬০টি চুলায় গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এর আনুমানিক লোড ১ হাজার ২৬০ ঘনফুট।
অভিযানের পঞ্চম স্পট কাঠালিয়া পাড়া, দুপ্তারায় ২ ইঞ্চি ব্যাসের একটি অবৈধ বিতরণ লাইন পাওয়া গেলেও অভিযানকালে সংযোগটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
অভিযানে সবমিলিয়ে প্রায় ৪ হাজার ৩২ ঘনফুট গ্যাসের অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। কোনো মামলা করা হয়নি।
অভিযান চলাকালে বৃষ্টির কারণে কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। তবে প্রতিটি অবৈধ লাইন সম্পূর্ণ উচ্ছেদ ও অপসারণ করে বিতরণ লাইনের উৎস পয়েন্ট থেকে কিল করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।