নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আকাশ মিয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বরাব বাসস্ট্যান্ড ও মঙ্গলখালী, মুড়াপাড়া এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং তিন প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ। অভিযানে মোট ছয়টি স্পট পরিদর্শন করা হয়।
বরাব বাসস্ট্যান্ডের মা বিরিয়ানি হাউজ-১-এ অবৈধভাবে নির্মিত ৩/৪ ইঞ্চি ডায়ার সার্ভিস লাইন কিলিং করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেখানে একাধিক বার্নার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার মা বিরিয়ানি হাউজ-২-এর অবৈধ ৩/৪ ইঞ্চি ডায়ার সার্ভিস লাইন কিলিং করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে হোটেলটি তালাবদ্ধ থাকায় ভেতরের স্থাপনা দেখা সম্ভব হয়নি।
ক্যাফে মরিয়ম সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট-এও অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়। সেখানে ৩/৪ ইঞ্চি ডায়ার সার্ভিস লাইন কিলিং করে সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, মা বিরিয়ানি হাউজ-১, মা বিরিয়ানি হাউজ-২ এবং ক্যাফে মরিয়ম সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট—তিনটি প্রতিষ্ঠান একই সার্ভিস লাইন থেকে সংযুক্ত ছিল। অভিযানে ৩/৪ ইঞ্চি ডায়ার পাইপ ৫ ফুট, প্লাস্টিক পাইপ ৭০ ফুট এবং হোস পাইপ ১৫০ ফুট অপসারণ করা হয়।
এ ছাড়া বরাব বাসস্ট্যান্ডের একটি নামবিহীন চায়ের দোকানের অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়। দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকে ৩/৪ ইঞ্চি ডায়ার পাইপ ৫ ফুট ও হোস পাইপ ১০ ফুট অপসারণ করা হয়।
অন্যদিকে লোকনাথ মিষ্টান্ন ভান্ডার (২৩৭-০০০১৬৭)-এর অনুমোদনের অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহার বন্ধের পাশাপাশি অবৈধভাবে স্থাপিত পাইপ ও সার্ভিস লাইন অপসারণ করা হয়েছে।