বিশেষ প্রতিনিধি: মো: আকাশ মিয়া
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় পাঁচটি স্পটে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস বিতরণ লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলার ছোট বিনাইরচর, বাজবি ও কালিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
অভিযান সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ছোট বিনাইরচরের জামান স্পিনিং সংলগ্ন এলাকায় একটি ১ ইঞ্চি ব্যাসের অবৈধ বিতরণ লাইন থেকে প্রায় ৫০টি বাড়ির ৬০টি চুলায় গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এতে আনুমানিক ১ হাজার ২৬০ ঘনফুট গ্যাসের লোড ছিল।
অন্যদিকে ছোট বিনাইরচরের কালভার্ট সংলগ্ন এলাকায় আরও একটি ১ ইঞ্চি ব্যাসের অবৈধ বিতরণ লাইন পাওয়া যায়। ওই লাইন থেকে প্রায় ৩০টি বাড়ির ৩৫টি চুলায় গ্যাস সরবরাহ করা হচ্ছিল। এতে আনুমানিক ৭৩৫ ঘনফুট গ্যাসের লোড ছিল।
এছাড়া বাজবি এলাকায় পূর্বে বিচ্ছিন্ন করা ১ দশমিক ৫ ইঞ্চি ব্যাসের একটি অবৈধ বিতরণ লাইন পাঁচ ফুট গভীরে মাটি কেটে পরীক্ষা করা হয়। সেখানে সংযোগটি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।
অভিযানকালে কালিবাড়ির ঐশি ডাইং (সবুর ভুইয়া টেক্সটাইল) পরিদর্শন করে পূর্বে একাধিকবার বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানটিকে বিকল্প জ্বালানি ব্যবহার করতে দেখা যায়। একইভাবে ছোট বিনাইরচরের মেসার্স সুরমা টেক্সটাইল ও একটি নামবিহীন স্পিনিং কারখানায় কাঠ ও খড়কুটার মতো বিকল্প জ্বালানি ব্যবহারের বিষয়টি পাওয়া যায়।
অভিযানে প্রায় ৫০ ফুট ১ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ, ৫০ ফুট ৩/৪ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ এবং প্রায় ১৫০ ফুট হোস পাইপ অপসারণ করা হয়। অভিযানে মোট আনুমানিক ১ হাজার ৯৯৫ ঘনফুট গ্যাসের লোডের অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে কোনো অর্থদণ্ড বা মামলা করা হয়নি। মোবাইল কোর্ট পরিচালনার সময় বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। অভিযান শেষে অবৈধ লাইনগুলো সম্পূর্ণ উচ্ছেদ ও অপসারণ করে বিতরণ লাইনের উৎস পয়েন্ট থেকে কিল (স্থায়ীভাবে বন্ধ) করা হয়েছে।