
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে জোনাল বিক্রয় অফিস-বন্দর। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মোট চারটি স্পটে কার্যক্রম পরিচালনা করা হয়। জাঙ্গাল বাসস্ট্যান্ড এলাকায় একটি চুন ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫০ ফুট দুই ইঞ্চি এমএস পাইপ ও দুটি ভাল্ব অপসারণ করা হয়। ফ্যাক্টরির দুইটি চুনের ভাট্টি এক্সকাভেটরের সাহায্যে ভেঙে ফেলা হয় এবং টিনশেডও অপসারণ করা হয়। একই সঙ্গে অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে বিচ্ছিন্ন করা হয়। তবে মালিকদের ঘটনাস্থলে না পাওয়ায় জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।
জাঙ্গাল বাসস্ট্যান্ডে সুন্দরবন ফিলিং স্টেশনের পাশে আরেকটি চুন ফ্যাক্টরিতেও অভিযান চালানো হয়। সেখানে কোনো গ্যাস সংযোগ বা গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায়নি। তবে বিপুল পরিমাণ কাঠ ও গাছের গুঁড়ি মজুত এবং চুন তৈরিতে জ্বালানি হিসেবে তা ব্যবহারের চিত্র দেখা যায়।
অন্যদিকে, কেওডালা-মদনপুরের হায়দার গার্মেন্টস সংলগ্ন এলাকায় অবৈধ দুই ইঞ্চি গ্যাস বিতরণ লাইনের সংযোগ উৎসে বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩০ ফুট এমএস পাইপ অপসারণ করা হয়। এতে আনুমানিক দুই কিলোমিটার এলাকার প্রায় ২০০টি আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
এছাড়া গকুল দাসেরবাগ-কুড়িপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ ফুট দুই ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয় এবং অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক তিন কিলোমিটার এলাকার প্রায় ৫০০টি আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
অভিযান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, চারটি স্পটের কোনো ঘটনাতেই জরিমানা বা কারাদণ্ড দেওয়া হয়নি এবং কোনো মামলা বা এফআইআর করা হয়নি। অভিযানে অবৈধ গ্যাস বিতরণ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো অপসারণ করা হয়।