
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:আকাশ মিয়া
নারায়ণগঞ্জের বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে তিনটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বিপুল পরিমাণ অবৈধ পাইপলাইন ও সরঞ্জাম অপসারণ করা হয়েছে। এ সময় একটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) জোনাল বিক্রয় অফিস-বন্দর কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।
অভিযানের প্রথম স্পট ছিল বন্দরের লাঙ্গলবন্দের চিরাইপাড়া এলাকায়। সেখানে প্রায় ৩০০টি ডাবল বার্নারের অবৈধ আবাসিক গ্যাস সংযোগ পাওয়া যায়। এসব সংযোগে ঘণ্টায় আনুমানিক ৬ হাজার ৩০০ ঘনফুট গ্যাসের লোড ছিল। অভিযানকালে প্রায় ৩০০ ফুট ২ ইঞ্চি এমএস পাইপ, ৫০ ফুট ৩/৪ ইঞ্চি এমএস পাইপ ও একটি ২ ইঞ্চি ভাল্ব অপসারণ করা হয়।
দ্বিতীয় স্পটে চিরাইপাড়া-জাঙ্গাল এলাকায় ‘ঢাকা সিয়াম বেকারি’তে অভিযান চালানো হয়। সেখানে দুটি ওভেন ও দুটি ডাবল বার্নারে অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় প্রায় ৩০ ফুট ৩/৪ ইঞ্চি এমএস পাইপ ও একটি বুস্টার অপসারণ করা হয়। বেকারিটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, প্রথম ও দ্বিতীয় স্পটের অবৈধ বিতরণ লাইনের উৎস প্রায় ১৫ ফুট মাটির নিচে থাকা ৪ ইঞ্চি লাইনের সঙ্গে সংযুক্ত ছিল। অভিযানকালে ওই সংযোগের উৎসে কিলিং করা হয়। এছাড়া প্রায় ২০০ ফুট হোস পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে।
অভিযানের তৃতীয় স্পট ছিল বন্দরের কেওডালা বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে আনুমানিক ৫০০টি ডাবল বার্নারের অবৈধ আবাসিক সংযোগ পাওয়া যায়। এসব সংযোগের লোড ছিল ঘণ্টায় প্রায় ১০ হাজার ৫০০ ঘনফুট। অভিযানকালে প্রায় ৭০ ফুট ৩ ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্যমতে, কেওডালা এলাকায় প্রায় ৫ কিলোমিটারজুড়ে থাকা অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে সংযুক্ত প্রায় ৫০০ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৩ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়।
অভিযানে প্রথম ও তৃতীয় স্পটের ঘটনায় কোনো জরিমানা বা মামলা করা হয়নি। তবে দ্বিতীয় স্পটে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।